জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলার গোসনতারা গ্রামে অনিবন্ধিত এইচএমবি ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার গোসনতারা, বিড়ালঝুড়ি ও কাঁঠালিয়া গ্রামের তিনটি ইটের পাঁজা ও একটি ইটভাটায় অভিযান চালান। এ সময় গোসনতারা গ্রামের এইচএমবি ব্রিকসের মালিক বনি আমিনকে নিবন্ধন না নিয়ে ইট প্রস্তুত ও পোড়ানোর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কাঁঠালিয়া গ্রামের ইউনুম মিয়া, বিড়ালঝুড়ি গ্রামের শামসুল হক ও একই গ্রামের মোশারেফ হোসেনের ইটের পাঁজায় অভিযান চালানোর সময় কাউকে না পাওয়ায় ওই তিনটি ইটের পাঁজার ১০ হাজার কাঁচা ইট বিনষ্ট করা হয়।