চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর রংমিশ্রিত খাদ্যদ্রব্য তৈরির দায়ে বিশুদ্ধ খাদ্য আইনে এ জরিমানা করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সূত্র জানায়, শাহী আইসক্রিম ফ্যাক্টরি, নিউ ঈগল আইসক্রিম ফ্যাক্টরি, ওএমআর চকলেট ফ্যাক্টরি ও শাহ পীর বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ইউএনও মো. ফিজনূর রহমান বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন কারখানা ও হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালানো হবে।