আইনমন্ত্রী বললেন

জাতিসংঘের ব্যবস্থা নেওয়া উচিত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হচ্ছে, তা বন্ধে অতি সত্বর জাতিসংঘের একটি ব্যবস্থা নেওয়া উচিত। বিশ্ববাসীরও এ বিষয়ে নজর দেওয়া উচিত। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর রূপা খাতুনকে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে মুহূর্তে আদালতে জমা দেওয়া হবে, তখন থেকেই ত্বরিত গতিতে যেন এর বিচার কার্যক্রম শুরু করার ব্যবস্থা করা হয়, সে জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।