
জাতিসংঘের ইতিহাসে প্রথম একটি মেডিকেল কন্টিনজেন্টের নারী কমান্ডার হিসেবে আইভরি কোস্টে দৃষ্টান্তমূলক নেতৃত্ব ও জাতিসংঘকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল ডা. নাজমা বেগম পেলেন জাতিসংঘের বিশেষ সম্মাননা। এ ছাড়া তিনি ২০১৬ সালের জন্য জাতিসংঘ মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
গত ১৬ আগস্ট এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি আইচাতু মিনদৌদো কর্নেল ডা. নাজমা বেগম ও তাঁর দলকে বিশেষ সম্মাননা জানান। জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি বিশেষ প্রতিনিধি এমবাই বাবাকার সিসি কর্নেল নাজমা বেগমের হাতে সম্মাননা তুলে দেন।
নারীদের মধ্যে প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গত ফেব্রুয়ারিতে আইভরি কোস্ট যান কর্নেল নাজমা বেগম। সেখানে পাঠানো ৫৬ সদস্যের মেডিকেল কন্টিনজেন্টে নারী কমান্ডার হিসেবে অত্যন্ত সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি। আইএসপিআর