সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পর্যটন এলাকা জাফলংয়ে অভিযান চালিয়ে পাথর তোলার কাজে ব্যবহূত সাতটি বোমা মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল আদালত সোমবার পূর্ব জাফলং ইউনিয়নের পিয়াইন নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গোয়াইনঘাটের ইএনও মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে গতকাল সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত পিয়াইন নদীসংলগ্ন নয়াবস্তি, কান্দুবস্তি ও চা-বাগানসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সাতটি বোমা মেশিন ও বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, পরিদর্শক মো. এন এ কে সিদ্দিক, গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।