
যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে তারা এ দাবি জানায়।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে হরতালবিরোধী মিছিল বের করে গণজাগরণ মঞ্চের এই অংশ। ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।
এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সংক্ষিপ্ত বক্তব্যে সারা দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলসহ সর্বস্তরের মানুষকে হরতাল প্রত্যাখ্যান ও প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নিজামীর ফাঁসির রায়ে সারা বিশ্বের মানুষ খুশি হয়েছে, আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। যাঁরা দায়িত্বশীল রয়েছেন, তাঁদের উচিত অবিলম্বে এই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা।’ এ সময় তিনি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান।
ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল: দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ‘ছাত্র সংগ্রাম পরিষদের’ ব্যানারে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি কলা ভবন ঘুরে টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।