জামায়াতে ইসলামীকে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার বিশেষ বাহক মারফত দলটির সেক্রেটারি জেনারেল বরাবর এই চিঠি পাঠানো হয়। এটি এ বিষয়ে দলটিকে দেওয়া কমিশনের চতুর্থ চিঠি।নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ছয়টি উপধারা ও একটি বিশেষ অনুচ্ছেদ সংশোধন করে তা কমিশনে জমা দিতে হবে। এগুলো হলো: ২ ধারার ৫ উপধারা, ৫ ধারার ৩ উপধারা, ৬ ধারার ৪ উপধারা, ৭ ধারার ১ থেকে ৪ উপধারা, ১১ ধারার ২ উপধারা ও ১৮ ধারার ৪(চ) উপধারা। এ ছাড়া কমিশন দলটির গঠনতন্ত্রের ৬৪ পৃষ্ঠার বিশেষ অনুচ্ছেদের দফা ৩-এ সংশোধনী আনার তাগিদ দিয়েছে।গঠনতন্ত্রের এসব ধারা সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় গঠনতন্ত্র সংশোধনের জন্য জামায়াতকে কমিশন এর আগে তিনবার চিঠি দিয়েছিল। সাংঘর্ষিক এসব ধারা সংশোধনে ব্যর্থ হলে দলটির নিবন্ধন বাতিলের ক্ষমতা কমিশনের রয়েছে।