প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনাসংক্রান্ত ফেসবুকে বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার রুহুল আমিনকে ১৭ অক্টোবর আদালতে হাজির হতে বলা হয়েছে। এ জন্য দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, ১৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন নজরে এলে ওই দিন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন আদালতে তা উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।