
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাইটার জাহাজের রশির আঘাতে এক সাম্পান (এক ধরনের নৌকা) মাঝি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর বাংলাবাজার সংলগ্ন সফি হাজির ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
ওই সাম্পান মাঝির নাম নূর আহমদ (৪৫)। তিনি কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের বাসিন্দা।
সদরঘাট নৌ থানা সূত্র জানায়, একটি লাইটার জাহাজের রশি ছিঁড়ে নৌকার ওপরে বসা নূর আহমদকে আঘাত করে। এতে খেই হারিয়ে তিনি নদীতে পরে ডুবে যান। পরে তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। একই তথ্য জানান, কর্ণফুলী নদীর সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ‘নূর আহমদের খোঁজে আমরা চেষ্টা চালাচ্ছি।’