জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার পুলিশ কনস্টেবল আরজু মিয়া সাক্ষ্য দেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক সাক্ষ্য গ্রহণ করেন।
এই মামলায় গতকাল পর্যন্ত নয়জন সাক্ষ্য দিয়েছেন। আদালত আজ বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে অজ্ঞাত সন্ত্রাসীরা। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৮ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আশুলিয়া থানার পুলিশ। ওই বছরের ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।