
চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। শাস্তি নিশ্চিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হস্তক্ষেপ কামনা করেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাফরুল্লাহ চৌধুরী এ দাবি জানান।
ছাত্রলীগ ও যুবলীগ এ হামলায় জড়িত দাবি করে বিবৃতিতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ছাত্রলীগ এখন চাঁদাবাজ আর দানব লীগে পরিণত হয়েছে।’
নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা–বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজে সরকারি সংগঠন ছাড়া বিরোধী দলের কোনো ছাত্র সংগঠনকে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
চট্টগ্রামের ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছেন জাফরুল্লাহ চৌধুরী। আগামী ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রামে মেডিকেল কলেজের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা–কর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ ও যুবলীগকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বিবৃতিতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে ও আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে ফেরার পথে গতকাল বিকেলে জোনায়েদ সাকিসহ অন্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।