জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরি হরতাল বা অবরোধের আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছে জ্বালানি তেল পরিবেশনে নিয়োজিত দুটি সংগঠন। এগুলো হচ্ছে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।
গতকাল বুধবার জ্বালানি তেল পরিবেশক সমিতির কার্যালয়ে এক যৌথ সভা থেকে এ অনুরোধ জানানো হয়।
সভায় বলা হয়, বোরো মৌসুম শুরুর কারণে জ্বালানি তেলের, বিশেষ করে ডিজেলের চাহিদা বেড়ে গেছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে ডিপো থেকে তেল উত্তোলন, পরিবহন ও তা বিপণন করতে পারছে না। এর ফলে কৃষিকাজ, বিদ্যুৎকেন্দ্র, কালকারখানা, ট্রাক্টর, ইটের ভাটা, বিমান ও যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দরিদ্র কৃষকসহ সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সরকার ও বিরোধী দলকে বর্তমান অস্থিতিশীল পরিবেশের সুষ্ঠু সমাধানে উদ্যোগী হওয়ারও আহ্বান জানানো হয় সভা থেকে। বিজ্ঞপ্তি।