যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে মো. বাবু (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাবু উপজেলার বেনেয়ালি কলোনিপাড়ার লুৎফর রহমানের ছেলে। ব্যবসায়িক লেনদেনের জের ধরে বাবুকে খুন করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।গতকাল শুক্রবার এ বিষয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে রাত সাড়ে ১১টার দিকে গোসল করে ঘরে ফেরার পথে অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক লেনদেন নিয়ে সম্প্রতি স্থানীয় এক যুবকের সঙ্গে বাবুর কথা-কাটাকাটি হয়। পরে তা বিরোধে রূপ নেয়। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরে বাবু খুন হতে পারেন। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছেন বলে ওসি জানান।