যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা

ঝুঁকিপূর্ণ ঢাকা নিউ সুপার মার্কেট

তিনতলা মার্কেটটির ছাদ ও চারপাশের দেয়ালের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়ছে। পিলারে ধরেছে বড় বড় ফাটল। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ‘ঢাকা নিউ সুপার মার্কেটের (দক্ষিণ)’ ঝুঁকিপূর্ণ চিত্র এটি। ঢাকা নিউমার্কেটের পশ্চিম-উত্তর দেয়াল ঘেঁষে রয়েছে এই মার্কেট। ডিএসসিসি জানিয়েছে, আট বছর আগে এই মার্কেটটি সংস্কার করতে সুপারিশ করেছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ১৭ অক্টোবর পৃথক আরেকটি প্রতিবেদনে এই মার্কেট তিন সপ্তাহের মধ্যে খালি করতে সুপারিশ করা হয়। কিন্তু মার্কেটের ব্যবসায়ীদের বাধায় তা করা যাচ্ছে না। এই মার্কেটে প্রায় ১ হাজার ২৪৫টি দোকান রয়েছে।
ডিএসসিসির মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, পৃথক দুটি তদন্ত প্রতিবেদনে মার্কেটটি খুবই ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। সবশেষ প্রতিবেদন অনুযায়ী, মার্কেটটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে শিগগিরই মার্কেটটি খালি করা হবে। অন্যথায় মার্কেটটি ধসে পড়লে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা নিউমার্কেটের উত্তর-পশ্চিম পাশে লম্বালম্বি রয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ। তিনতলা পুরো মার্কেটটিতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগানো রয়েছে। মার্কেটে নানা রকমের কাপড়, সিরামিক, কসমেটিকস, ইলেকট্রিক ইত্যাদি দোকান রয়েছে। এতে কেনাকাটা করছেন ক্রেতারা। মার্কেটের ভেতরে তেমন কোনো ফাঁকা জায়গা নেই। এই মার্কেটের নিচতলা, দ্বিতীয় তলা ও তৃতীয় তলায় ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, রড বের হয়ে আছে। নিচতলায় পশ্চিম-দক্ষিণ কোণে কয়েকটি পিলারে বড় বড় ফাটল রয়েছে। এই মার্কেটে চলাচলের সব কটি পথ অবৈধ দোকানপাটের দখলে রয়েছে।
ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলার কয়েকজন দোকানমালিক বলেন, ২০০৭ সালে বুয়েটের প্রতিবেদনের পর মার্কেটটি সংস্কারের উদ্যোগ নিয়েছিল ডিএসসিসি, কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি। পরে নিজেরাই ছাদের খসে পড়া অংশে পলেস্তারা করেন। তবে পিলারগুলো আগের মতোই রয়ে গেছে। দোকানপাটের কারণে তা বোঝা যায় না। ডিএসসিসি অঞ্চল-১ সূত্র জানায়, ছাদের পলেস্তারা খসে পড়া এবং পিলার ফেটে যাওয়ায় ২০০৭ সালে এই মার্কেটটি পরীক্ষার জন্য বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়। বুয়েট সবকিছু পরীক্ষা করে তা দ্রুত সংস্কার করার কথা বলেছিল। কিন্তু ওই সময় তা আর সম্ভব হয়নি। কয়েক মাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ, বনতলা কাঁচাবাজার ও চন্দ্রিমা সুপার মার্কেট পরীক্ষা করা হয়। এই তিনটির মধ্যে ঢাকা নিউ সুপার মার্কেটই বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়।
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী মুনসী মোহাম্মদ আবুল হাসেম বলেন, গত শুক্রবার ও রোববার দুই দফায় ‘মার্কেটটি ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড লাগান ডিএসসিসির কর্মীরা। কিন্তু কিছুক্ষণ পরই তা খুলে ফেলেন দোকান মালিক সমিতির নেতারা। অথচ মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা খালি করতে প্রতিবেদনে নির্দেশনা রয়েছে।