নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে অবস্থিত পোশাক কারখানার ঝুট ব্যবসার দখল নিতে গতকাল সোমবার দুটি পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে পঞ্চবটীর বিসিক এলাকার ২ নম্বর গলিতে অবস্থিত সিয়াম-ইব্রাহিম ও বাঁধন নামের দুটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে কাইল্লা রকমত ও মাসদাইর এলাকার গাফ্ফারের শতাধিক ক্যাডার অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। সিয়াম-ইব্রাহিম কারখানা থেকে গাফ্ফারের লোকজন ঝুট নামানোর চেষ্টা করলে কাইল্লা রকমতের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বিসিক এলাকায় ঝুট-সন্ত্রাসীরা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।