রাজধানীর ওপর দিয়ে গতকাল বুধবার রাতে বয়ে যাওয়া ঝড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গাছের ডাল ভেঙে একজন রিকশচালক (৫০) মারা গেছেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।রিকশাচালকের পরনে ছিল চেকলুঙ্গি। আহত হন রিকশার যাত্রী এ টি এম ফখরুল ইসলাম (৪৫)। তাঁকে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাত আটটার দিকে মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানের মহড়ায় অংশ নিতে যাওয়ার সময় মিন্টো রোডে গাছের ডাল ভেঙে মাইক্রোবাসের ওপর পড়ে দুই জাপানি তরুণ-তরুণী আহত হন। তাঁরা হলেন মি (২৪) ও মিতুসু (২৪)। জানা গেছে, ঝড়ের সময় দুজন মাইক্রোবাসের সামনে বসে ছিলেন। গাড়ির সামনের কাচ ভেঙে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।