গাজীপুরের টঙ্গীর সিলমুন এলাকায় গতকাল বৃহস্পতিবার ছিনতাইয়ের অভিযোগে দুজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক মালেকা বেগম জানান, সিলমুন এলাকায় গতকাল বেলা ১১টায় বাবু, শামীম ও রুবেল অস্ত্র দেখিয়ে পথচারীদের টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা করে। জনতা ধাওয়া দিয়ে শামীম ও রুবেলকে আটক করে পিটুনি দেয়। দলনেতা বাবু পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানাহাজতে রাখে। ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।