জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং বেতনবৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদসহ বিসিএস ২৬ ক্যাডারের সদস্যরা। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃচি; বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি এবং বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটির চট্টগ্রাম জেলা সভাপতি মুজিবুল হক খান। বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের চেয়ারম্যান সাদেক মো. চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী উদয় শেখর দত্ত, সরকারি সিটি কলেজের শিক্ষক আনোয়ার সাদাত, প্রকৌশলী প্রবীর কুমার সেন, জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, কৃষিবিদ গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে বেতন স্কেলে শিক্ষক, প্রকৌশলী, কৃষিবিদসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এখানে সমমর্যাদা রক্ষা হয়নি।
বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা, শিশু ও মাতৃ মৃত্যুহার কমাতে চিকিৎসকেরা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিবিদেরা কাজ করে যাচ্ছেন। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু প্রশাসন ক্যাডার সরকারকে গণবিচ্ছিন্ন করতে এ ধরনের বেতন স্কেল করেছে।
পটিয়া: উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পটিয়া উপজেলা সমন্বয় পরিষদের উদ্যোগে বেতনবৈষম্য দূর করার দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সমন্বয় পরিষদের আহ্বায়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায়ের সভাপতিত্বে এবং জয়দত্ত বড়ুয়ার পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নাইমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজিবুর রহমান প্রমুখ।
বান্দরবান: গতকাল বুধবার দুপুরে ২৬ ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সিভিল সার্জন অনুপ দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন, বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ রেজাউল করিম।
খাগড়াছড়ি: শহরের শাপলা চত্বরে দুপুরে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক যুগল পদ দে, চম্পানন চাকমা প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম।
দীঘিনালা: উপজেলা পরিষদের সামনে দুপুরে মানববন্ধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জওহর লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চিকিৎসক অনুতোষ চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বণা চাকমা প্রমুখ।
রাঙামাটি: জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গতকাল দুপুরে কয়েক শ কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমণী কান্তি চাকমা বলেন, দেশের উন্নয়নে সব ক্যাডারের কর্মকর্তাসহ কর্মচারীদের অবদান রয়েছে। রাঙামাটি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. ফেরদৌস কবির জানান, আগামী ৫ নভেম্বর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সংযোগ কর্মসূচি ছাড়াও দাবি বাস্তবায়নে পরবর্তীতে কেন্দ্রীয় পর্যায় থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।
রামগতি ও কমলনগর: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন। রামগতিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ সোবহান, উপজেলা প্রকৌশলী জি এম কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমানউল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠান।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো অফিস ও প্রতিনিধিরা)