টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিন ছাত্রীসহ ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া অপর দুই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রক্টর সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও ছাত্রলীগকে নিয়ে কটূক্তি, গুজব ছড়ানো এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কটূক্তি করার অভিযোগে ওই ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিয়া রহমান ও জাকিয়া বেগম, পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তানবীর হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওবায়দুল্লাহ ও গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইমরান হোসেন।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহনাজ জামান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শুভ্রা দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সিরাজুল ইসলাম বলেন, ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের নামে তাঁরা প্রধানমন্ত্রীকে ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কটূক্তি, গুজব ছড়ানো ও বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে নাশকতা সৃষ্টির চেষ্টা করেছেন। সাময়িক বহিষ্কার হওয়া ছয়জনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এই মর্মে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।