টাঙ্গাইলে জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। ১৫ দিন আগে তিনি মানিকগঞ্জের পীরের বাড়ি থেকে সখীপুর ফেরেন। 

করোনাভাইরাস সন্দেহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার দুপুরে তাঁর লাশ দাফন করা হয়েছে।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রাতেই মৃত ব্যক্তির পরিবারের পাঁচজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করা হবে।