
টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী মামা-ভাগনে নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল শহর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার আগবিক্রমহাটি গ্রামের কাজল দাসের ছেলে সুব্রত দাস (২৮) ও তাঁর ভাগনে অরণ্য দাস (২২)। অরণ্য এনায়েতপুর এলাকার রামচন্দ্র দাসের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, সকালে শহর বাইপাস সড়কের শিবপুর মোড় অতিক্রম করার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইলেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক সুব্রত নিহত হন। অপর আরোহী অরণ্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে।