বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই আসামি টিকটক হৃদয় ও রাফিউর রাব্বিকে পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার বিকেলে তাঁদের এ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির ওই দুই আসামিকে আদালতে হাজির করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আসামি হৃদয় ও রাব্বিকে বরগুনার বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়। এ সময় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিফাত হত্যা মামলায় টিকটক হৃদয় ১২ নম্বর আসামি ও রাফিউর সন্দেহভাজন আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এর আগে এই দুই আসামির পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার তাদের আগের পাঁচ দিনের রিমান্ড শেষ হয়। তবে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রিমান্ড আবেদন করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২৬ জুন রিফাত শরীফকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকশ্যে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন রিফাতের বাবা আবদুর হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার আসামিদের ৬ জন এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে শুক্রবার জবানবন্দি দিয়েছেন সাগর ও নাজমুল ইসলাম। তারও আগে চন্দন, মো. হাসান, অলিউল্লাহ ও তানভীর হাসান জবানবন্দি দিয়েছেন। এই চারজনের মধ্যে প্রথম তিনজন এজাহারভুক্ত আসামি। বর্তমানে এই মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজী সাত দিনের রিমান্ডে আছেন।