শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় প্রাণ হারিয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এইচএসসি পরীক্ষার্থী এক কলেজছাত্র। তাঁর নাম শুভন চন্দ্র রায় (১৮)। গতকাল মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরে হিন্দুবাড়ির সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা ১২টার দিকে একটি ট্রলি চলতে গিয়ে রাস্তায় আটকা গেলে শুভন সেটিকে সচল করার চেষ্টা করে। এ সময় ট্রলিটির ইঞ্জিন খুলে তাঁর ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, শুভন হিন্দুবাড়ি এলাকার মিন্টু রায়ের ছেলে। সে গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।