
চাঁদপুরের ফরিদগঞ্জে গতকাল রোববার মধ্যরাতে গরুবাহী ট্রাকের চাপায় দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা হলেন ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর এলাকার জিসান খন্দকার (২২) ও রাসেল খন্দকার (২৩)।
নিহত জিসান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বাবুল মিয়ার ছেলে এবং রাসেল আবদুল মান্নানের ছেলে। তাঁরা দুজনই কলেজশিক্ষার্থী। পরে পুলিশ বরিশালের বাকেরগঞ্জ এলাকার ট্রাকচালক মো. রুস্তমকে (৪২) লক্ষ্মীপুর জেলার দালালবাজার এলাকা থেকে আটক করে। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অনুমং জানান, গতকাল রাতে ওই দুজন ফরিদগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কে ফরিদগঞ্জ পৌরসভার পেট্রলপাম্প এলাকায় চট্টগ্রামগামী গরুবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত ওই দুজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব আজ সোমবার সকালে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।