
রাজধানীর সূত্রাপুরে ট্রাকচাপায় রিকশাচালক মিঠু ইসলাম নিহত হওয়ার ঘটনার মামলায় ট্রাকচালককে এক দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আজ সোমবার এই আদেশ দেন। ওই ট্রাকচালকের নাম ফরহাদ হোসেন (২৬)। আদালতকে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ট্রাকচালক লাইসেন্স দেখাতে পারেননি।
গত শনিবার রাত সাড়ে ১১টায় সূত্রাপুরের বানিয়ানগর মোড়ে রিকশাচালক মিঠু ইসলামকে চাপা দেয় একটি ট্রাক। পরে স্থানীয় লোকজন রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত রিকশাচালক মিঠু ইসলামের স্ত্রী নূপুর আক্তার বাদী হয়ে ট্রাকচালকের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেন। আসামি ফরহাদকে আজ ঢাকার আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সূত্রাপুর থানার পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ট্রাকচালক ফরহাদ তাঁর ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহত রিকশাচালকের স্ত্রী নূপুর আক্তার প্রথম আলোকে বলেন, ট্রাকচালক তাঁর সোনার সংসার তছনছ করে দিয়েছেন। তাঁদের দুই সন্তান। বড় ছেলের বয়স আট বছর, মেয়ের বয়স ছয় বছর। স্বামীর আয়ে সংসার চলত। ট্রাকচালক ফরহাদ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানান তিনি।
এদিকে গত ১৯ মার্চ রাজধানীর নদ্দার যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান তিনি। এই ঘটনায় বাসচালক,কন্ডাক্টর ও চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।