সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় নিহত হয়েছেন শেরআলী মণ্ডল (৬৫)। তাঁর বাড়ি উপজেলার ভান্ডার কাফুরা গ্রামে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দুজন বলেন, সিরাজগঞ্জ-শেরপুর আঞ্চলিক সড়ক থেকে খালি ওই ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শেরআলী মণ্ডল রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী
ট্রাক ফেলে পালিয়ে যান। পরে ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।