ট্রাফিক সার্জেন্টকে লাঞ্ছিত করার অভিযোগে গত শনিবার মৌলভীবাজার পৌর যুবলীগের সহসভাপতি আলাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের শমশেরনগর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের সৃষ্টি হলে এ নিয়ে আলাউর ও ট্রাফিক সার্জেন্ট আবু দাউদ আনোয়ারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলাউর ট্রাফিক সার্জেন্টকে লাঞ্ছিত করেন। পরে আলাউরকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ওসি মো. আজিজুর রহমান জানান, শমশেরনগর বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক ঘোরাতে গেলে দেবে যায়। এ সময় যানজট হলে আলাউর গালাগালি করতে থাকেন। আবু দাউদ আনোয়ার কাকে গালিগালাজ করা হচ্ছে জানতে চাইলে তাঁর (ট্রাফিক সার্জেন্টের) ওপর হামলা করেন আলাউর। এ ঘটনায় ওই ট্রাফিক সার্জেন্ট একটি মামলা করেন।