ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেলওয়ে স্টেশনে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০) মারা গেছেন। ট্রেনটি আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর যাচ্ছিল।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার জানান, রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া এক্সপ্রেস ৭৮৩ নম্বর ট্রেনটি সকাল সোয়া আটটার দিকে পাচুরিয়া স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনটি পাচুরিয়া ও ফরিদপুর লাইনের সংযোগস্থল ২৪০/৪-৯ নম্বর নামক স্থানে পৌঁছালে ওই বৃদ্ধ রেললাইন পার হওয়ার সময় নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর-৮) হয়েছে।

ওসি জানান, এ নিয়ে গত এক মাসে ট্রেনে কাটা পড়ে রাজবাড়ীতে অন্তত সাতজনের মৃত্যু হলো।