ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের (২২) মৃত্যু হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার পুলিশ গতকাল রোববার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ ও কসবা স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকায় শনিবার দিবাগত রাতে ওই তরুণ ট্রেনে কাটা পড়েন। রাতে বেশ কয়েকটি ট্রেন চলাচল করেছে। তাই কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তা কেউ বলতে পারেননি। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।