ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ২৮ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ কথা জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২১ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গতকাল ভোরে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার রাসাকুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৮ জন বাংলাদেশিকে আটক করেন। স্থানীয়ভাবে বাংলাদেশি আটকের খবর জানতে পেরে বিজিবি কর্তৃপক্ষ ফোনে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তখন বিএসএফের পক্ষ থেকে ভারতের অভ্যন্তরে ২৮ জন বাংলাদেশি আটকের সত্যতা নিশ্চিত করেন।
বিএসএফ দাবি করেছে, পাঞ্জাব প্রদেশের ইটভাটায় শ্রমিকের কাজ করার জন্য আটক ব্যক্তিরা সবাই গতকাল ভোরে সীমান্তের ওপারে গিয়েছিলেন।
বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন বলেন, আটক বাংলাদেশিদের ভারতের গোয়ালপুকুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।