ডাকাতি বন্ধে বিশেষ অভিযান

ডাকাতিপ্রবণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। ডাকাতি বন্ধে গতকাল বুধবার রাত থেকে পুলিশ এ অভিযান শুরু করে।পুলিশ জানিয়েছে, অভিযান পরিচালনার জন্য সহকারী পুলিশ সুপার (খ-অঞ্চল) এস এম শফিউল্লাহর নেতৃত্বে ক্যাম্প খোলা হয়েছে। ৫০ জন সদস্যের সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ দল।গতকাল বিকেলে থানা প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এ অভিযানের ক্ষেত্রে জনগণের সহযোগিতা কামনা করেন।এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, আড়াইহাজার একটি ডাকাতিপ্রবণ উপজেলা। ডাকাতি বন্ধে এ অভিযান শুরু হয়েছে।