
শহীদ ডা. ফজলে রাব্বীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিন বিকেলে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য ও তাদের এদেশীয় সহযোগী কুখ্যাত আলবদর বাহিনীর সদস্যরা তাঁকে ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে গিয়ে ওই রাতেই হত্যা করে।
হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ফজলে রাব্বী ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের শিক্ষক। ১৯৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী এ দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতী সন্তানদের ওপর যে হত্যাযজ্ঞ চালায় ফজলে রাব্বী তাঁদেরই একজন। ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে আরও অনেকের সঙ্গে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
এ উপলক্ষে ডা. ফজলে রাব্বীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি