সাক্ষাৎকার

‘ডিপোর জরুরি পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনায় যথেষ্ট দুর্বলতা ছিল’

ইয়াসির আরাফাত
ইয়াসির আরাফাত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান। তিনি কারখানায় রাসায়নিক দুর্ঘটনা নিয়ে গবেষণা করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা।

প্রশ্ন

প্রথম আলো: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৪৯ জন নিহত হয়েছেন (বিকেল সাড়ে ৫টা পর্যন্ত)। দুর্ঘটনাস্থলে হাইড্রোজেন পার-অক্সাইডের উপস্থিতি পাওয়ার কথা বলা হচ্ছে। এই রাসায়নিক সম্পর্কে কিছু বলুন।

ইয়াসির আরাফাত: দুর্ঘটনার পর সেখানে হাইড্রোজেন পার-অক্সাইড পাওয়া গেছে বলে বলা হয়েছে। তবে শুধু হাইড্রোজেন পার-অক্সাইডের কারণে এত বড় দুর্ঘটনা ও বিস্ফোরণ ঘটেছে বলে আমার মনে হয় না। হাইড্রোজেন পার-অক্সাইডের যে ধর্ম, তাতে এটি নিজে দাহ্য না। এটি রিয়েক্টিভ ও অক্সিডাইজিং কেমিক্যাল। তবে আগুন লাগলে তা ছড়িয়ে পড়তে এটি খুবই সাহায্য করে। ফলে অগ্নিনির্বাপণের কাজ কঠিন হয়ে পড়ে।

প্রশ্ন

প্রথম আলো: তাহলে দুর্ঘটনা এত ব্যাপকতা পেল কীভাবে?

ইয়াসির আরাফাত: দেখুন, নিশ্চিত করে কিছুই বলা যায় না। তবে আমি নিশ্চিত, এখানে হাইড্রোজেন পার-অক্সাইড ছাড়া অন্য ধরনের রাসায়নিকও ছিল। আর এসবের সঙ্গে মিলে একধরনের রাসায়নিক বিক্রিয়া হয়ে আগুন ছড়িয়েছে। অন্য কোনো দাহ্য পদার্থ এখানে ছিল। জায়গাটা বদ্ধ ছিল, তাই অন্য রাসায়নিক দ্রবের সঙ্গে মিশ্রণ ঘটেছে এবং অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছে।

প্রশ্ন

প্রথম আলো: বাংলাদেশে হাইড্রোজেন পার-অক্সাইডের ব্যবহার কোথায় হয়, এটি কোত্থেকে আসে?

ইয়াসির আরাফাত: বাংলাদেশের টেক্সটাইল খাতে এর ব্যবহার আছে। এটি ব্লিচিং এজেন্ট (পরিষ্কারক দ্রব্য) হিসেবে কাজ করে এসব কারখানায়। বাংলাদেশের বেশ কিছু কারখানায় এর উৎপাদন হয়। আবার ভারত থেকেও কিছু আসে। তবে আমাদের দেশেই বড় বড় উৎপাদনকারী আছে।

প্রশ্ন

প্রথম আলো: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এটা কীভাবে সম্ভব হলো?

ইয়াসির আরাফাত: এটা একটা কনটেইনার ডিপো। কনটেইনারগুলো কিন্তু বদ্ধ থাকে। এসবের মধ্যে আরও নানা ধরনের দাহ্য পদার্থ, যেমন ইথানল, মিথানল বা বিভিন্ন ধরনের উদ্বায়ী পদার্থ থাকতে পারে। আমার ধারণা, এগুলোর সঙ্গে মিশে একটা এক্সপ্লোসিভ মিকশ্চার তৈরি হয়েছে ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে বড় ধরনের বিস্ফোরক (যেমন অ্যামোনিয়াম নাইট্রেট) হয়তো সেখানে ছিল না। এর আগে বিভিন্ন দেশের একাধিক বন্দরে বিস্ফোরক থাকায় বিপুল পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে। আমাদের সৌভাগ্য, তেমন কোনো বিস্ফোরক আমাদের এখানে ছিল না।

প্রশ্ন

প্রথম আলো: কোন দুর্ঘটনার কথা বলছেন?

ইয়াসির আরাফাত: এর আগে ২০১৫ সালে চীনের শিয়াংজিং বন্দরে এবং ২০২০ সালে বৈরুতের বন্দরের কনটেইনারের ডিপোতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে শতাধিক মানুষ মারা যায়। ওই সব বন্দরের কনটেইনারে অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক ছিল। তাই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, প্রাণহানিও হয় অনেক বেশি।

প্রশ্ন

প্রথম আলো: সীতাকুণ্ডের দুর্ঘটনায় ব্যাপ্তি এবং প্রাণহানি কোনোটিই কম নয়। এতটা প্রকট কেন হলো বলে আপনার মনে হয়?

ইয়াসির আরাফাত: অগ্নিকাণ্ডের তিনটি পর্যায় আছে। এর মধ্যে আছে শুরু (ইনিসিয়েশন), বৃদ্ধি (গ্রোথ) এবং বিস্তৃতি (ডেভেলপ)। তৃতীয় স্তরে গেলে এটা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। বড় আকারের দুর্ঘটনার ক্ষেত্রে কয়েক স্তরের দুর্বলতা থাকে। কোনো প্রতিষ্ঠানে আগুন লাগাই একটি দুর্বলতার উদাহরণ। এরপর এটি বাড়তে দেওয়া আরেক ধরনের দুর্বলতা। এটা প্রাতিষ্ঠানিক স্তরে আবার অগ্নিনির্বাপকদের কাছ থেকেও হতে পারে।

প্রশ্ন

প্রথম আলো: সীতাকুণ্ডের ক্ষেত্রে কী ধরনের দুর্বলতা ও ঘাটতি ছিল বলে আপনার মনে হয়?

ইয়াসির আরাফাত: রাসায়নিক অগ্নিদুর্ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রথমে পুড়তে দিতে হয় ও আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করতে হয়। তারপর জরুরিভাবে জায়গাটি খালি করে ফেলা দরকার হয়। যেকোনো দুর্ঘটনার পরপর এটাই প্রথম কাজ হওয়া উচিত। কিন্তু এখানে জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল। দুর্ঘটনায় মোকাবিলায় যেকোনো প্রতিষ্ঠানে একটি জরুরি পরিকল্পনা থাকার কথা। সেই পরিকল্পনায় প্রতিষ্ঠানের কোথায় কোন দ্রব্য থাকে, সেগুলোর নিরাপত্তা কেমন, এসব বিষয় যুক্ত থাকবে। এই জরুরি পরিকল্পনা অগ্নিনির্বাপকদের হাতে তুলে দেওয়া দরকার। আমার ধারণা, ফায়ার সার্ভিসকে এমন কোনো পরিকল্পনা সরবরাহ করা হয়নি। হলে তারা পানি নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করত না। প্রাথমিকভাবে এসব তথ্য ফায়ার সার্ভিসকে দিলে তারা সাবধানতা অবলম্বন করত, এত মানুষের প্রাণহানি হতো না।