
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৪০ এবং ঢাকার বাইরে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি হিসাবে দেশের হাসপাতালগুলোয় এখন সব মিলিয়ে ১ হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৪৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় আরও ৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন মোট ৭ হাজার ২৫১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ৯৮২ জন।