ঢাকাকে বাসযোগ্য রাখতে প্রাদেশিক সরকারের বিকল্প নেই: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে হলে অবশ্যই প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করতে হবে। কারণ মানুষের চাপে ঢাকা অচল ও ক্রমে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। তাই প্রাদেশিক সরকারব্যবস্থা বাস্তবায়ন করে দেশব্যাপী সুষম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।গতকাল সোমবার দলের নির্বাহী কমিটির যৌথ সভায় এরশাদ এ কথা বলেন। জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এ সভায় বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, এম এ সাত্তার, মজিবুর রহমান, নাসিম ওসমান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব, দেলোয়ার হোসেন খান, কাজী ফিরোজ রশীদ প্রমুখ।রাজধানীর নিমতলীতে অগ্নিকাণ্ড ও বেগুনবাড়ীর ভবন ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে তহবিল গঠনে এ সভায় প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ করা হয়।