ঢাকা মেডিকেল কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবন ভেঙে ২০তলা ভবন নির্মাণ করা হবে। তবে সামনের অংশ ভাঙা হবে না; একই রকম থাকবে। এ ধরনের প্রকল্প আনার জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন।
আজ একনেক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
একনেক সভায় ৭ হাজার ৮৬৮ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় দেওয়া হবে ৩ হাজার ২৭ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪ হাজার ৩০২ কোটি টাকা। আর বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ৫৩৯ কোটি টাকা।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো ৪ হাজার ৫৬৮ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড স্ট্রেনদেনিং প্রকল্প; ১ হাজার ৯১ কোটি টাকার মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ারড পাওয়ার (২) (পিজিসিবি অংশ: মাতারবাড়ী-মদুনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইন) প্রকল্প; ৪১১ কোটি টাকার ঠাকুরগাঁও চিনিকলের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং সুগার বিট থেকে চিনি উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন প্রকল্প; ৭৯৬ কোটি টাকার শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন; ৩৫২ কোটি টাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়); ৩২২ কোটি টাকার তারাইল-পাঁচুরিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ (২য় পর্যায়) প্রকল্প; ২৬৮ কোটি টাকার পদ্মা নদীর ভাঙন হতে রাজশাহী মহানগরের অন্তর্ভুক্ত সোনাইকান্দি হতে বুলনপুর পর্যন্ত এলাকা রক্ষা এবং ৬০ কোটি টাকার ঢাকা ওয়াসার সায়েদাবাদ ফেজ-৩ প্রকল্পের ফ্রেমওয়ার্কের আওতায় ঢাকা মহানগরের নিম্ন আয়ের জনগোষ্ঠী বসবাসরত ব্যক্তিদের এলাকার ঢাকা ওয়াসা কর্তৃক পানি সরবরাহের সেবার মান উন্নয়ন এবং ঢাকা ওয়াসার ফাইন্যান্সিয়াল মডেলিং ও কারিগরি সক্ষমতার উন্নয়ন।