ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় বিল্লাল (৩৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক বলেন, নিহত বিল্লাল বসুমতি পরিবহনের শ্রমিক। তিনি লাইনম্যানের কাজ করতেন। বিল্লাল গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে কোনো গাড়ি চাপায় আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিল্লালের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।