ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল শনিবার মধ্যরাতের পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন। তাঁকে বহনকারী বিমানটি রাত ১২টা ৪০ মিনিটের দিকে অবতরণ করে। খবর ইউএনবির।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ফিলিস্তিনি নেতাকে স্বাগত জানান। মাহমুদ আব্বাস বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অব্যাহত সমর্থন কামনার লক্ষ্যে এখানে আসেন। তিনি আরও তিনটি দেশ সফর করছেন।
মাহমুদ আব্বাস ও তাঁর সফরসঙ্গীদের ভিভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা। বৈঠকে ফিলিস্তিনি ইস্যু, জেরুজালেমের সাম্প্রতিকতম পরিস্থিতি এবং ইসরায়েলের চলমান উগ্রনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা।