ঢাকা উড়ালপথের নির্মাণকাজের আজ উদ্বোধন

ঢাকা উড়ালপথের উদ্বোধন হবে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে উড়ালপথের নির্মাণকাজের উদ্বোধন করবেন। যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) ২৬ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথের প্রকল্প বাস্তবায়ন করবে। ঢাকার যানজট নিরসনে গত ১৯ জানুয়ারি উড়ালপথ নির্মাণের লক্ষ্যে ইটাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানির (থাইল্যান্ড-ইতালি যৌথ) সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, থাইল্যান্ড ট্রেডের প্রেসিডেন্ট কিয়াত সিথিমর্নসহ বাংলাদেশ ও থাইল্যান্ড সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী-মগবাজার-কমলাপুর-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এই উড়ালপথ হবে।