
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ঢাকা থেকে কলকাতা ও আগরতলাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী বাস চলাচল। পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর শুক্রবার আবারও এই রুটে বাস চালু হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো থেকে ভারতের উদ্দেশে বাস ছেড়ে যাবে।
এ উপলক্ষে বিআরটিসি মতিঝিল ডিপোতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।