ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালিত

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কালো দিবস’ পালিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২০-২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর নিপীড়ন চালায় সশস্ত্র বাহিনী।
প্রতিবছর ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত হলেও এ বছর ওই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় গতকাল পালন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন, বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত ক্লাস বন্ধ থাকে। কালো দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা হয়।