ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ কর্মচারীকে বদলি করা হচ্ছে—এই গুজবে গতকাল বৃহস্পতিবার ওই হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন।হাসপাতাল সূত্র জানায়, ৩ আগস্ট বার্ন ইউনিটের ফটকের সামনে অ্যাম্বুলেন্স রাখা নিয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও বহিরাগতদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। গতকাল গুজব ছড়িয়ে পড়ে, ওই ঘটনায় জড়িত থাকায় চতুর্থ শ্রেণীর কর্মচারী ওয়ার্ড মাস্টার আনিসুর রহমান, ওয়ার্ড বয় শিপন, সুমন, আশরাফ হোসেন ও সর্দার আবু হানিফকে বদলি করা হচ্ছে। একপর্যায়ে বিকেল সোয়া পাঁচটার দিকে চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক শামসুল আলমসহ ৬০-৭০ জন জরুরি বিভাগের সামনে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা এই বদলি প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।