সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার তাঁর স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা নিয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি চট্টগ্রাম নগরের লালদিঘীতে অবস্থিত নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান এই মামলার তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার বেলা পৌনে চারটার দিকে তদন্ত কর্মকর্তার কক্ষে ঢোকেন বাবুল আক্তার। এ সময় তাঁকে উপস্থিত সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি।
তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। বাবুল আক্তার মামলার বাদী। কিছু কথা বলার জন্য তাঁকে ডাকা হয়েছে।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানমকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। ঘটনার পর পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে।
এরপর গত বছরের ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’
সম্প্রতি মাহমুদা খানমের বাবা-মা তাঁদের মেয়ের হত্যাকাণ্ডের জন্য বাবুল আক্তারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।