‘তরুণ প্রজন্মকে বই পড়তে উদ্ধুদ্ধ করলে দেশ আলোকিত হবে’

বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস উপলক্ষে তরুণ প্রজন্মকে গ্রন্থপাঠে উদ্বুদ্ধকরণে কার কী করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা ।
ছবি : প্রথম আলো

তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখে পরিবারের পরে গ্রন্থাগার। বই পড়ার অভ্যাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। সভ্যতা বিকাশে বই পড়ার অভ্যাস ভূমিকা রাখে। দেশের সাহিত্যভান্ডার সমৃদ্ধ মানে দেশ সমৃদ্ধ। সকলকেই তরুণ প্রজন্মকে বই পড়তে উদ্দীপ্ত করণের কাজ করতে হবে। তাহলেই আলোকিত হয়ে উঠবে বাংলাদেশ। গতকাল রাজধানী ঢাকায় জাতীয় গ্রন্থকেন্দ্রে বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস উপলক্ষে তরুণ প্রজন্মকে গ্রন্থপাঠে উদ্বুদ্ধকরণে কার কী করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক চার দিনব্যাপী গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সেমিনারে মূল আলোচক বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বলেন, শুধু যাঁরা পত্র-পত্রিকা পড়েন তাঁরা হয়তো জানবেন যে, কয়েক দিন আগে বিশ্ব গ্রন্থ দিবস ছিল। তা ছাড়া আর জানার কোনো উপায় নেই। বই পাঠ করলে সবকিছু জানা যাবে এমনটা ঠিক না। একই সঙ্গে আমাদের জানতে হবে কপিরাইট বিষয়ে। অগ্রন্থ পাঠ করা যাবে না। আর এই অগ্রন্থ চেনা প্রয়োজন। আবার জ্ঞানের জন্য বই ছাড়া বিকল্প নেই। পড়াশোনার সঙ্গে বই পড়তে হবে। আবার সেই বই ঠিক কিনা এমন প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের জ্ঞান বিকাশ হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, কপিরাইট নিয়ে প্রকাশক ও লেখকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কপিরাইট সম্পর্কে সবাইকে জেনে নিতে হবে। মৌলিক বই পড়তে হবে। পাঠ্যপুস্তক এর প্রথম বিষয়ে কপিরাইট সম্পর্কে উল্লেখ থাকা প্রয়োজন।

নূরুল হুদা বলেন, প্রজন্মকে বিকশিত করতে বই প্রতিটি ঘরে রাখতে হবে। এই বইয়ে কখনো ধুলো পড়তে দেওয়া যাবে না। বই পড়া বৃদ্ধি করতে আমরা আনুষ্ঠানিক কাজ করব। পাশাপাশি ব্যক্তিকেন্দ্রিক অনেকগুলো কাজ করার সুযোগ রয়েছে। এগুলোয় গুরুত্ব দিতে হবে।

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী বলেন, কেন আমরা বই পড়ব। অবশ্যই জ্ঞান অর্জন করার জন্য আবার সময় কাটানোর জন্য। বই পড়া থেকে একদিন পাঠক হয়ে উঠবে লেখক, প্রকাশক। সমাজের কুসংস্কার দূর হবে বই পড়ার মাধ্যমে। সরকার উন্নত দেশ করার যে ঘোষণা দিয়েছেন। সেখানে বই পাঠক একটি সমাজ গড়ে তুলতে হবে। আর এর জন্য সরকারকে বর্তমানের চেয়ে ১০০ গুন এর অধিক বরাদ্দ দিতে। বইকে মানুষের কাছাকাছি নিয়ে আসতে হবে। বই নিয়ে আরও হইচই করতে হবে। বই বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ বলেন, বই পড়া আন্দোলনে অংশ হওয়া উচিত। আমাদের কাল্পনিক শক্তি বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের-দেশ সম্পর্কে আজকে আমাদের শিশুরা বলতে পারেনা। শিক্ষা এখন জড়ো পিন্ডে পরিণত হয়েছে। এসব নিয়ে অনেকে আবার কথা বলতে চান না। পাছে যদি সরকারের রোষানলে পড়েন। কিন্তু আমাদের বলতে হবে নতুন প্রজন্মকে আলোকিত করার জন্যই।

হামিদ বলেন, মাঠ দখল নিয়ে থানা করতে হবে। এমন সংস্কৃতি থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের শিশুরা কোথায় যাবে। তাদের বিকাশটা হবে কোথায়। স্কুল-কলেজে যদি বই পড়তে বাধা দেওয়া হয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। তবে আমাদের পাঠাগার গুলো ব্যবহার করা যেতে পারে। সেখানে বাধা আসবে না।

সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মকর্তাদের শুধুমাত্র ভালো অফিসার হলে হবে না, দেশপ্রেম থাকতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার, দনিয়া পাঠাগারের সভাপতি শাহনেওয়াজ, সময় প্রকাশন স্বত্বাধিকারী ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটিতে ঢাকা মহানগর ও আশপাশের বিভিন্ন এলাকার বেসরকারি গ্রন্থাগার গুলোর ৫০জন বর্ষসেরা পাঠককে পুরস্কার তুলে দেওয়া হয়।