সাতক্ষীরার তালা উপজেলার কদমতলা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফজিলা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফজিলা খাতুনের বাড়ি উপজেলার মহন্দি গ্রামে। বাবার নাম মীর আব্দুল গফ্ফার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফজিলা খাতুন খুলনায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ফজিলার লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।