তাড়াইলে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গৃহবধূ আছমা আক্তার হত্যা মামলায় স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন নিহত আছমার স্বামী জামাল উদ্দিন (৪২) ও তাঁর কথিত প্রেমিকা আকলিমা ওরফে আলপিনা (১৯)।আদালত তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। কিশোরগঞ্জের দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাবাসসুম ইসলাম গতকাল বুধবার এ রায় দেন। মামলার অন্য তিন আসামি আনোয়ারা বেগম, মাসুদ মিয়া ও মজিবুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালে প্রতিবেশী আলপিনার সঙ্গে জামালের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। ২০০৫ সালের ১৭ আগষ্ট স্ত্রীকে মারধর করেন জামাল। এ সময় আলপিনাও তাঁর সঙ্গে যোগ দেন। দুজনে মিলে আছমার মুখে বিষ ঢেলে দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আছমা মারা যান।