তাড়াশে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, বোয়ালিয়া গ্রামের জুব্বারের সঙ্গে একই গ্রামের মোজাম্মেলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মামলা হলে জুব্বার ডিক্রি পান। গত সোমবার সন্ধ্যায় জুব্বার লোকজন নিয়ে ওই জমিতে ঘর তুলতে যান। এ সময় মোজাম্মেল তাঁর লোকজন নিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষে মহিলাসহ ১৫ জন আহত হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় জুব্বার মারা যান।