চট্টগ্রাম নগরের চাঞ্চল্যকর নারীসহ দুই শিশু খুনের মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ হয়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মামলায় সাক্ষী ফেরদৌস বেগম, নিহতের জা রুবি ও ভাশুর জাগির আহমেদ সাক্ষ্য দেন। তাঁরা গৃহশিক্ষক তারেক চৌধুরী ডলিকে খুন করেন বলে সাক্ষ্যতে জানান।
উল্লেখ্য, ২০১২ সালের ২৩ অক্টোবর নগরীর বহদ্দারহাট খতিবেরহাট এলাকায় প্রবাসীর স্ত্রী ডলি আক্তার ও তাঁর দুই শিশুপুত্র আলবি ও আদিবাকে দা দিয়ে কুপিয়ে খুন করেন গৃহশিক্ষক তারেক। এ ঘটনায় নিহত ডলি আক্তারের বাবা ইসহাক পাঁচলাইশ থানায় মামলা করলে পুলিশ তারেক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ৩ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত।