তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পরও করিডর দিয়ে যাতায়াত করতে পেরেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার বাসিন্দারা।এতে ২৬ বর্গকিলোমিটার আয়তনের ওই ছিটমহলের ১৬ হাজার বাসিন্দার দীর্ঘদিনের দাবি পূরণ হলো। দহগ্রাম-আঙ্গরপোতাবাসী এত দিন শুধু সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনবিঘা করিডর দিয়ে ছিটমহলে যাতায়াত করতে পারত। এতে অনেকটা বন্দী জীবনযাপন করতে হতো তাদের।গত মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকে তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এক দিন পর গতকাল থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।