ঝিনাইদহে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। একই দিন নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় মারা গেছে এক শিশু। গতকাল শুক্রবার মাগুরায় মারা গেছেন এক নারী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের কাঠমিস্ত্রি আখিদুল ইসলাম ঝিনাইদহ শহর থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ঝিনাইদহ-মাগুরা সড়কের মধুপুরে দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আকিদুল ইসলাম নিহত হন। চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের ইকরামুল হক ও মিজানুর রহমান ওই দিন ঝিনাইদহের মধুপুর গ্রামে পাত্রী দেখতে যান। সন্ধ্যা সাতটার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটিতে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তাঁরা মারা যান।মাগুরা: মাগুরা-শ্রীপুর সড়কের কামারবাড়ীর এলাকায় গতকাল সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে ঝর্না বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। ঝর্না বেগম মাগুরা শহরের পারনান্দুয়ালী চরপাড়ার লিটন মিয়ার স্ত্রী। লোহাগড়া (নড়াইল): উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে সড়কের ওপর ট্রাকচাপায় বৃষ্টি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টি বসুপটি গ্রামের কামাল হোসেনের মেয়ে।